প্রতিম মস্করা নলহাটি :-
পাওনা টাকা চাওয়ার অপরাধে প্রকাশ্য দিবালোকে মহাজনের পেটে চাকু মারল দোকানদার। চাকুর আঘাতে রক্তাক্ত হয়ে গুরুতর জখম এক ব্যবসায়ী। তাকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি বীরভূমের নলহাটিতে। জখম ব্যবসায়ীর নাম নীলু দত্ত। তিনি নলহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি কাপড়ের পাইকারী ব্যবসায়ী। অভিযুক্ত দোকানদারের নাম রকি পারভেজ। তিনি নলহাটি পোষ্টঅফিস মোড় সংলগ্ন এলাকায় ফুটপাতে কাপড়ের খুচরো ব্যবসায়ী।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে আজ রবিবার বেলা বারোটা নাগাদ, বীরভূমের নলহাটি পোষ্ট অফিসের কাছে রকি পারভেজ নামে এক কাপড়ের ব্যবসায়ীর কাছে পাওনা টাকা চাইতে গিয়েছিলেন কাপড়ের পাইকারী ব্যবসায়ী নীলু দত্ত। সেই পাওনা টাকা চাওয়ায় দুজনের মধ্যে বচসা শুরু হয়। সেই সময় পাশের দোকানে থাকা একটি চাকু হাতে নিয়ে নীলু দত্তের উপর চড়াও হয় রকি পারভেজ। সেই সময় রকি নীলু দত্তের পেটের বামদিকে চাকু মেরে দেয়। চাকুর আঘাতে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন নীলু দত্ত। আশেপাশের দোকানদারেরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ। অভিযুক্ত রকি পলাতক। পুলিশ তার খোঁজে তার বাড়ি সহ বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে।










