হাওড়া স্টেশন থেকে গঙ্গা পেরিয়ে ব্রিগেডে সমাবেশ
পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের প্রস্তুতিতে ভক্তদের ঢল
পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের মহাসমারোহকে কেন্দ্র করে সকাল থেকেই হাওড়া স্টেশন চত্বরে উপচে পড়ল ভক্তদের ভিড়। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এই বিশাল ধর্মীয় অনুষ্ঠানের জন্য রবিবার ভোর ৭টা থেকেই ভক্তদের আগমন শুরু হয়। স্টেশন থেকে পায়ে হেঁটে ফেরি ঘাটে পৌঁছে ভক্তদের গঙ্গা পেরিয়ে কলকাতার ব্রিগেড মাঠে যাওয়ার দীর্ঘ সারি চোখে পড়ে।
ভক্তদের সহায়তা করতে হাওড়া স্টেশন চত্বরে দুটি ক্যাম্পের ব্যবস্থা করেছে সনাতন সংস্কৃতি সংসদ। বিভিন্ন জেলা থেকে ট্রেনে আসা সাধারণ ভক্তদের পাশাপাশি বহু সাধু–সন্ত, মহিলারা ও পুরুষেরা দলবেঁধে গঙ্গার পথে রওনা দেন। কারও হাতে খোল–করতাল, আবার কারও মুখে “জয় কৃষ্ণ”, “জয় শ্রী রাম” ধ্বনি—আনন্দ-উল্লাসে মেতে উঠেছিল গোটা পরিবেশ।
আয়োজকদের দাবি, পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের এই অনুষ্ঠানে অংশ নিতে শুধু বাংলার জেলা শহরই নয়, ভিনরাজ্য থেকেও বহু সাধু–সন্ত ও ভক্ত এসেছেন। তাদের সুষ্ঠু চলাচলে পুলিশ প্রশাসনও সজাগ ভূমিকা নিয়েছে। হাওড়ার ফেরিঘাটে ভক্তদের ভিড় সামাল দিতে নিরাপত্তায় মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশবাহিনী।
ব্রিগেডের উদ্দেশে যাত্রাপথে ভক্তরা জানান, ধর্মীয় এই মহাযজ্ঞ সফল করতে এবং সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠার বার্তা ছড়িয়ে দিতে তাঁরা এই গীতা পাঠে যোগ দিচ্ছেন।










