প্রীতম দাস তারাপীঠ:-
তারাপীঠের বিহার থেকে আগত পূর্ণার সঙ্গে মারধর–সংক্রান্ত ঘটনাকে “সাজানো-গোছানো ও পরিকল্পিতভাবে বিকৃত রূপ দেওয়া হয়েছে”—এ অভিযোগ তুলে সরব হলেন তারাপীঠ ব্যবসায়ী সমিতি ও এলাকার বাসিন্দারা। শুক্রবার রাতে তারা তারাপীঠ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, ঘটনার প্রথম অংশটুকু ইচ্ছাকৃতভাবে আড়াল করে শুধু পরের অংশটি নানা ভাবে প্রচার করা হয়েছে, যার ফলে তারাপীঠের ভাবমূর্তি অসম্ভবভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা দাবি করেন, দোকানদারই প্রথমে মারধরের শিকার হন এবং দোকানের ক্যাশবাক্স থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকা নেওয়া হয়েছে—এ অভিযোগও তুলে ধরা হয়।
এই প্রসঙ্গে আইনজীবী অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “ঘটনাকে একপাক্ষিকভাবে প্রচার করে তারাপীঠকে বদনাম করার চেষ্টা চলছে। প্রকৃত ঘটনা সম্পূর্ণ আলাদা।”
রামপুরহাট ২ নম্বর ব্লকের সভাপতি সুকুমার মুখোপাধ্যায় বলেন, “তারাপীঠকে ইচ্ছাকৃতভাবে কালিমালিপ্ত করার অপচেষ্টা চলছে। আমরা সঠিক তদন্ত চাই।”
ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করে আসল দোষীদের শাস্তি এবং তারাপীঠের ভাবমূর্তি রক্ষার ব্যবস্থা অবিলম্বে গ্রহণ করা হোক।










